হাতিয়ায় বৈরী আবহাওয়ায় ৭ মাছ ধরার ট্রলার ডুবি, ৪৮ জেলে উদ্ধার

হোম » জেলে-মৎস্য » হাতিয়ায় বৈরী আবহাওয়ায় ৭ মাছ ধরার ট্রলার ডুবি, ৪৮ জেলে উদ্ধার
বুধবার ● ১২ আগস্ট ২০২৬


 

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

সাগরকন্যা প্রতিবেদক, হাতিয়া (নোয়াখালী)

 

বঙ্গোপসাগরে তীব্র বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নোয়াখালীর হাতিয়ায় সাতটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে পৃথক ঘটনায় ডুবে যাওয়া ট্রলারগুলো থেকে ৪৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় কোনো জেলে নিখোঁজ নেই।

 

স্থানীয় সূত্র ও ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদী উত্তাল হয়ে ওঠে। দুপুরে হঠাৎ প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাতটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। দুর্ঘটনার সময় কাছাকাছি থাকা অন্য মাছ ধরার ট্রলারগুলো দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪৮ জেলেকে জীবিত উদ্ধার করে।

 

ডুবে যাওয়া সাতটি ট্রলারের মধ্যে নিঝুম দ্বীপের দক্ষিণে সাগরে চারটি, কাজীর বাজার ঘাটসংলগ্ন মেঘনা নদীতে একটি এবং চেয়ারম্যান ঘাটসংলগ্ন মেঘনা নদীতে দুটি ট্রলার রয়েছে।

 

নিঝুম দ্বীপের দক্ষিণে ডুবে যাওয়া ট্রলারগুলোর মালিক জাহাজমারা ইউনিয়নের নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝি। জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী জানান, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনাকবলিত চারটি ট্রলারের মধ্যে তিনটি সম্পূর্ণ তলিয়ে গেছে। নাসির মাঝির ট্রলারটি এখনো সাগরে ভাসছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।

 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, বৈরী আবহাওয়ার কারণে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে সব জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (১২ আগস্ট) বিকেলে ট্রলার ডুবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

##

বাংলাদেশ সময়: ১৮:২২:৫৪ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ