কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

হোম » খুলনা » কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
বুধবার ● ১২ আগস্ট ২০২৬


কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনসাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় শত শত দরিদ্র ও অসহায় মানুষের অংশগ্রহণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি রোগীদের চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বাছাই করা দরিদ্র ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে।

 

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় কয়রায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। তাঁর উদ্যোগে বিএনএসবি চক্ষু হাসপাতাল, শিরোমণি এবং ফ্রেড হলোস ফাউন্ডেশনের বাস্তবায়নে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, অবহেলিত জনপদ কয়রার মানুষের একটু স্বস্তি দিতে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হবেন। তাঁদের বিনামূল্যে ওষুধও দেওয়া হবে।

 

তিনি বলেন, শুধু চক্ষু চিকিৎসা নয়, এ আয়োজনের মাধ্যমে ছানি রোগীদের বাছাই করে তাঁদের বিনামূল্যে অস্ত্রোপচারেরও ব্যবস্থা করা হয়েছে।

 

খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টুসহ স্থানীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৫:২৩:২০ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ