সাগরকন্যা স্পোর্টস ডেস্ক
আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল ও পপ তারকা তিনিতি স্তোসেলের প্রেমের সম্পর্ক এবার বিয়ের দিকে এগোচ্ছে। কাতার বিশ্বকাপের আগ থেকেই সম্পর্কে থাকা এই জুটি ইতোমধ্যে বিয়ের প্রস্তুতিও শুরু করেছেন বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’।
সামাজিক যোগাযোগমাধ্যমে ডি পলের উদ্দেশে রোমান্টিক বার্তা দিয়ে তিনিতি লিখেছেন, ‘এবং একদিন আমার সেই স্বপ্ন সত্যি হতে শুরু করল, যা আমার ভালোবাসার সঙ্গে আমি বহুবার দেখেছি।’ একই সঙ্গে বাগদানের আংটি পরা ছবিও প্রকাশ করেছেন তিনি।
‘ওলে’র প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পোশাকের প্রথম ট্রায়াল দিতে প্যারিসে গেছেন তিনিতি। সেখানে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত, খুব খুশি।’ পোশাক পরার সময় ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের তারকা ডি পলকে ফোন করে নিজের অভিজ্ঞতার কথাও জানান তিনি।
তিনিতি বলেন, ‘আমি ভেবেছিলাম আমরা শুধু কাপড় দেখতে যাব। কিন্তু আমি এটা পরেও দেখলাম…।’ তবে পোশাকটির নকশা প্রকাশ করেননি তিনি। জবাবে ডি পল বলেন, ‘আমার জীবনের প্রতিটি দিন আমি সেই মুহূর্তটির স্বপ্ন দেখি। আমাকে এতটা সুখী করার জন্য তোমাকে ধন্যবাদ।’ সরাসরি বিয়ের কথা না বললেও তার কথায় বিয়ের প্রস্তুতির ইঙ্গিতই মিলেছে।
এর আগে ২০২৬ সালের মে মাসে তিনিতির সঙ্গে বাগদানের ঘোষণা দেন ডি পল। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের আংটিও দেখান তিনি। এরপর থেকেই তাদের বিয়ের তারিখ নিয়ে জল্পনা শুরু হয়।
সম্প্রতি আর্জেন্টিনার উপস্থাপক সুসানা হিমেনেসের অনুষ্ঠান ‘পোর এল মুন্দো’তে আলেহান্দ্রো ‘মার্লে’ ভিয়েবের সঙ্গে কথোপকথনের সময় তিনিতি ও ডি পলের বিয়ের সম্ভাব্য তারিখ হিসেবে ১৯ ডিসেম্বর ২০২৬ এর কথা সামনে আসে। তবে এই তারিখের বিষয়ে তিনিতি বা ডি পল কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। ফলে ১৯ ডিসেম্বর সত্যিই তাদের বিয়ের দিন কি না, তা জানতে অপেক্ষায় থাকতে হচ্ছে ভক্তদের।