সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে নদীপথে অবৈধভাবে ইউরিয়া সার পাচারের চেষ্টার অভিযোগে ২৯৩ বস্তা সার, একটি বাল্কহেড ও একটি ট্রাকসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) গভীর রাতে উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া মাঝের ঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেতুয়া ঘাটসংলগ্ন নদীতে অভিযান চালিয়ে ট্রাক থেকে একটি ফিশিং বোটে ইউরিয়া সার তোলার সময় চার শ্রমিককে আটক করা হয়। এ সময় ২৯৩ বস্তা ইউরিয়া সার, ট্রাক ও ফিশিং বোট জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজাল ৫ নম্বর ওয়ার্ডের মোফাজ্জল হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩৭), হাতিয়া উপজেলার জাহাজমারা মৌলভীর ঘোনা ১ নম্বর ওয়ার্ডের হসিউল আলমের ছেলে সিরাজ (৫৭), নোয়াখালীর চর জব্বার উপজেলার চর কেলাক ৯ নম্বর ওয়ার্ডের অহিদ হাওলাদারের ছেলে সোহেল (২৮) এবং হাতিয়ার পশ্চিম রসুলপুর ৯ নম্বর ওয়ার্ডের নবীর উদ্দিনের ছেলে শাহারাজ (৪০)।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সারগুলো আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, চাষাবাদের মৌসুমে তাঁরা সরকারি নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পাচ্ছেন না। ডিলাররা সারসংকটের কথা বললেও রাতের আঁধারে বিপুল পরিমাণ সার অন্যত্র পাচারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার বিষয়ে তদন্ত করা হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।