দুমকিতে বাড়ছে সড়ক দুর্ঘটনা, আহত দুই শিক্ষার্থী

হোম » পটুয়াখালী » দুমকিতে বাড়ছে সড়ক দুর্ঘটনা, আহত দুই শিক্ষার্থী
বুধবার ● ১২ আগস্ট ২০২৬


দুমকিতে বাড়ছে সড়ক দুর্ঘটনা, আহত দুই শিক্ষার্থীসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে একের পর এক সড়ক দুর্ঘটনায় উদ্বেগ বাড়ছে। সর্বশেষ মঙ্গলবার বিকেলে পবিপ্রবি শাখা রূপালী ব্যাংক গেট এলাকায় সিএনজির ধাক্কায় সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নেছার উদ্দিন আহাদ ও আলিফ আহমেদ রিজভী গুরুতর আহত হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ওই দুই শিক্ষার্থী সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, দুর্ঘটনার বিষয়টি তাঁরা জেনেছেন। ঘটনার সঙ্গে জড়িত যানবাহন ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান জোরদার করা হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, লেবুখালী-বগা সড়কে অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। চালকদের লাইসেন্স এবং যানবাহনের কাগজপত্র যাচাই করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লেবুখালী-বগা সড়কে দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন মাহিন্দ্রা ও ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য চলছে। এসব যানবাহনের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা না নেওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং হতাহত হচ্ছেন সাধারণ মানুষ।

 

সচেতন মহলের ভাষ্য, দুর্ঘটনার পর তদন্ত বা ব্যবস্থা নেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে দুর্ঘটনা প্রতিরোধে আগাম পদক্ষেপ নিতে হবে। অদক্ষ চালক ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সড়কে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

 

এলাকাবাসীর দাবি, লেবুখালী-বগা সড়কে চলাচলকারী সব যানবাহনের ফিটনেস, কাগজপত্র ও চালকদের বৈধ লাইসেন্স যাচাই করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মোবাইল কোর্ট ও সড়ক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

 

নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়রা বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আর কোনো পরিবার যেন সড়ক দুর্ঘটনায় স্বজন হারিয়ে অসহায় না হয়।

বাংলাদেশ সময়: ১৫:১০:১২ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ