
সাগরকন্যা প্রতিবেদক, হিজলা (বরিশাল)
বরিশালের হিজলায় পারিবারিক বিরোধের জেরে সৎ মা ও বোনকে মারধরের অভিযোগ উঠেছে মো. মারুফ ও তার স্ত্রী মিনা মদিনার বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত মা ও মেয়েকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার পত্তনীভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মো. হোসেন বাদী হয়ে হিজলা থানায় মামলা করেছেন। মামলায় তার ছেলে মো. মারুফ, মারুফের স্ত্রী মিনা মদিনাসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। পুলিশ মিনা মদিনাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
মামলার বাদী মো. হোসেনের অভিযোগ, পারিবারিক বিরোধের কারণে তার প্রথম সংসারের ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধ মীমাংসার উদ্দেশ্যে মঙ্গলবার সকালে তিনি স্ত্রী-সন্তান নিয়ে বাড়িতে যান এবং জায়গা-জমি ও ঘরবাড়ি ছেলেদের নামে দলিল করে দেওয়ার উদ্যোগ নেন।
তিনি অভিযোগ করেন, সেখানে সামান্য বিষয় নিয়ে মারুফ ও তার স্ত্রী তাকে লাঞ্ছিত করেন। পরে বাড়ি থেকে ফেরার সময় মারুফ, তার স্ত্রীসহ কয়েকজন তাদের ওপর লাঠি দিয়ে হামলা চালান। এতে তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হন। তিনি বাধা দিতে গেলে তাকেও হামলার চেষ্টা ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা ইউনুস মিয়া বলেন, পারিবারিক বিরোধের কারণে মো. হোসেন দীর্ঘদিন ধরে বাড়িতে ঠিকমতো থাকতে পারেন না। বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়ার মধ্যেই তার স্ত্রী ও মেয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।