উজিরপুরে ক্লাস চলাকালে শিক্ষকের মাথায় ছাদের পলেস্তারা, আতঙ্কে শিক্ষার্থীরা

হোম » বরিশাল » উজিরপুরে ক্লাস চলাকালে শিক্ষকের মাথায় ছাদের পলেস্তারা, আতঙ্কে শিক্ষার্থীরা
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬


 

উজিরপুরে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

সাগরকন্যা প্রতিবেদক, উজিরপুর (বরিশাল)

 

বরিশালের উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে এক শিক্ষকের মাথায়। এতে সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম আহত হয়েছেন। এ ঘটনায় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা হুড়োহুড়ি করে বাইরে বেরিয়ে যায়।

 

সোমবার (১০ আগস্ট) বিদ্যালয়ের দ্বিতল ভবনের ষষ্ঠ শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে। শিক্ষক জাহিদুল ইসলাম পাঠদান করানোর সময় হঠাৎ ছাদের পলেস্তারা খসে তাঁর মাথায় পড়ে। পরে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।

 

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাথীর ভাষ্য, ‘স্যার ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ ওপর থেকে ছাদের পলেস্তারা খুলে স্যারের মাথায় পড়ে। আমরা সবাই ভয় পেয়ে যাই।’

 

আরেক শিক্ষার্থী সিমা’র ভাষায়, ‘পলেস্তারা পড়ার সময় আমরা ক্লাসে ছিলাম। স্যার আহত হয়েছেন। আমাদেরও খুব ভয় লেগেছে।’

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, ‘ভবনটি ১৯৬০ সালে নির্মিত। এটি অনেক পুরোনো। ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে একজন শিক্ষক আহত হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে নির্মিত দ্বিতল ভবনটি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে।

 

অভিভাবকরা জানান, পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনে প্রতিদিন শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে। শিক্ষক আহত হওয়ার ঘটনা বড় ধরনের সতর্কবার্তা। ভবিষ্যতে বড় দুর্ঘটনা এড়াতে দ্রুত ভবনটির ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

 

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ঝুঁকিপূর্ণ ভবনে শ্রেণি কার্যক্রম বন্ধ করে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৪১ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ