তালাক গোপন রেখে সাবেক স্ত্রীর সঙ্গে সম্পর্ক, ধর্ষণ মামলা

হোম » বরগুনা » তালাক গোপন রেখে সাবেক স্ত্রীর সঙ্গে সম্পর্ক, ধর্ষণ মামলা
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬


এটি একটি প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

তালাকের বিষয়টি গোপন রেখে সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগে বরগুনা সদর উপজেলার এক নারী তার সাবেক স্বামীসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি মামলাটি গ্রহণ করে পিবিআই পটুয়াখালীকে অনুসন্ধান করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামের মো. ইউসুফ হাওলাদারের ছেলে মো. খলিলুর রহমান (৩৫), তার বাবা মো. ইউসুফ হাওলাদার এবং মা মোসা. ভানু বেগম (৪৮)।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে খলিলুর রহমানের ২০২০ সালের ১৪ এপ্রিল বিয়ে হয়। তাঁদের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বাদীর অভিযোগ, যৌতুকের দাবিতে খলিলুর রহমান তাকে মারধর করতেন। এ ঘটনায় চলতি বছরের ২৪ জানুয়ারির ঘটনার অভিযোগে ২৯ জানুয়ারি একই ট্রাইব্যুনালে তিনি মামলা করেন। পরে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ট্রাইব্যুনাল মামলাটি বিচারের জন্য বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান।

বাদীর অভিযোগ, চলতি বছরের ১৩ জুলাই খলিলুর রহমান অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে একটি তালাকনামা দাখিল করেন। ওই তালাকনামায় উল্লেখ করা হয়, তাকে ১৬ জানুয়ারি তালাক দেওয়া হয়েছে। তবে তিনি ২৪ জানুয়ারি পর্যন্ত খলিলুর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় তালাকের বিষয়টি তার কাছে গোপন রেখে খলিলুর রহমান একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ করেন তিনি।

বাদী আরও অভিযোগ করেন, ১৬ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত নয় দিন তিনি খলিলুর রহমানের বাড়িতে ছিলেন। বিষয়টি খলিলুর রহমানের বাবা-মাও জানতেন। তিনি তখনও খলিলুর রহমানকে নিজের স্বামী মনে করতেন। কিন্তু খলিলুর রহমান তালাকের বিষয়টি জানতেন এবং তা গোপন রেখে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে খলিলুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

বরগুনার বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) রনজুয়ারা সিপু বলেন, ‘একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারেন, এটি তার আইনগত অধিকার। তবে তালাকের বিষয়টি গোপন রেখে স্ত্রীকে নিজের ঘরে রেখে তার সঙ্গে দৈহিক সম্পর্ক করার অভিযোগটি গুরুতর।’

বাংলাদেশ সময়: ২০:৩৪:০১ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ