সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় অনুমোদনহীনভাবে নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (১১ আগস্ট) জোন-৭/৩-এর আওতাধীন এলাকায় পরিচালিত এ অভিযানে পাঁচটি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করে আটটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে। তবে কাউকে জরিমানা করা হয়নি।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার ও জোন-৭/৩-এর অথরাইজড অফিসার প্রকৌশলী মো. ইলিয়াসের যৌথ তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ রাজউকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে হাসনাবাদ হাউজিং এলাকার ভবন মালিক সোহাগ গংয়ের অনুমোদনহীন নির্মাণাধীন ১০ তলা ভবনের নির্মাণকাজ বন্ধ করে সম্মুখের আংশিক অংশ অপসারণ করা হয়। একই সঙ্গে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে তিনটি মিটার জব্দ করা হয়।
ভবন মালিক মিজানুর রহমানের অনুমোদনহীন নির্মাণাধীন দুই তলা ভবনের এক তলার আংশিক অংশ অপসারণ করে একটি মিটার জব্দ করা হয়। শামসুল আলমের নির্মাণাধীন তিন তলা ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দুটি মিটার জব্দ করা হয়।
এ ছাড়া মো. হিমেল গংয়ের অনুমোদনহীন নির্মাণাধীন আট তলা ভবন এবং মো. হায়দারের নয় তলা ভবন থেকে একটি করে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে।
রাজউক সূত্রে জানা গেছে, অনুমোদনহীন নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট আটটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হলেও কোনো জরিমানা করা হয়নি।