কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬


 

কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নবগঠিত উপজেলা কমিটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ৪৩ সদস্যের কমিটি ঘোষণার পর আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ একাধিক সদস্য অব্যাহতি নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 

সোমবার (১০ আগস্ট) পৃথক প্রেস নোটের মাধ্যমে অব্যাহতির বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানান সংশ্লিষ্টরা।

 

নবগঠিত কমিটির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি নিয়েছেন প্রধান শিক্ষক অবনী কুমার রায়। একই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিলাল পালও অব্যাহতি নিয়েছেন। প্রেস নোটে মনিলাল পাল দাবি করেন, তাঁকে অবগত না করেই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তিনি কলাপাড়া পূজা উদযাপন ফ্রন্টের সহসভাপতির দায়িত্বে থাকার কথা জানান।

 

মনিলাল পাল অভিযোগ করেন, নবগঠিত কমিটির একাধিক সদস্য তাঁদের নাম কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে আগে থেকে অবগত ছিলেন না। ধর্মীয় সম্প্রীতি ও হিন্দু সম্প্রদায়ের অনুভূতিকে বিব্রত করার মতো কোনো বিতর্ক সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

 

তিনি নবগঠিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে এর সদস্যদের একযোগে অব্যাহতি নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

 

এদিকে, কলাপাড়ায় দীর্ঘদিন ধরে পূজা উদযাপন ফ্রন্টের মাধ্যমে সুনামের সঙ্গে পূজা-পার্বণ ও ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

 

তবে কমিটি গঠন নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযোজন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৩২ ● ৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ