বাগেরহাট হাসপাতালে আগুন, পুড়ল অ্যাম্বুলেন্সসহ ৮ মোটরসাইকেল

হোম » খুলনা » বাগেরহাট হাসপাতালে আগুন, পুড়ল অ্যাম্বুলেন্সসহ ৮ মোটরসাইকেল
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬


বাগেরহাট হাসপাতালে আগুন, পুড়ল অ্যাম্বুলেন্সসহ ৮ মোটরসাইকেল

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে অগ্নিকাণ্ডে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স ও আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ সময় অ্যাম্বুলেন্সচালক মো. ফরিদ অগ্নিদগ্ধ হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রাথমিক ধারণা, বেসরকারি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে পাশে থাকা মোটরসাইকেলগুলোতে আগুন ধরে যায়।

 

পুড়ে যাওয়া মোটরসাইকেলের মধ্যে একটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এবং একটি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মীর। অন্যগুলো হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষের বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম যাদু বলেন, ‘বেসরকারি একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারে ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হয়েছে। আগুন লাগার পর বিকট শব্দে একাধিক বিস্ফোরণ ঘটে। এতে আমার ও আমার স্ত্রীর মোটরসাইকেলসহ অন্তত আটটি মোটরসাইকেল পুড়ে গেছে।’

 

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইদুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে একটি অ্যাম্বুলেন্স ও আটটি মোটরসাইকেল পুড়ে যায়। আগুনের ধোঁয়ায় হাসপাতালের নিচতলা আচ্ছন্ন হয়ে পড়েছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের বিপর্যয় ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

 

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার বলেন, ‘হাসপাতালের প্রধান ফটকের সামনে রোগী পরিবহনের জন্য দাঁড়িয়ে থাকা একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে পাশে থাকা আটটি মোটরসাইকেল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।’

বাংলাদেশ সময়: ১৭:৫২:৪৬ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ