
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সর্বাধিক জিপিএ-৫ অর্জন করে উপজেলার শীর্ষস্থান দখল করেছে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টির ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৬ জন উত্তীর্ণ হয়েছে এবং ১৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৭০ দশমিক ২০ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকালে ফল প্রকাশের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিন এ তথ্য নিশ্চিত করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ১৫১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১০৬ জন উত্তীর্ণ হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৬ জন জিপিএ-৫ অর্জন করেছে, যা বাউফল উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।
বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী জাকিয়া সুলতানা বলেন, ‘আমাদের এই সাফল্যের পেছনে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। নিয়মিত ক্লাস, অতিরিক্ত পাঠদান ও বিশেষ পরিচর্যার মাধ্যমে শিক্ষকরা আমাদের প্রস্তুত করেছেন।’
প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিন বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে নিয়মিত শ্রেণি কার্যক্রম, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস, নিবিড় তদারকি এবং অভিভাবকদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ নিশ্চিত করা হয়েছিল। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মেহেদী হাসান রাসেল বলেন, ‘উপজেলায় সর্বাধিক জিপিএ-৫ অর্জন আমাদের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের ত্যাগ এবং প্রধান শিক্ষকের দূরদর্শী নেতৃত্ব এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
বাউফল উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরনবী বলেন, ‘এসএসসি ফলাফলে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় উপজেলায় সর্বাধিক সংখ্যক জিপিএ-৫ অর্জন করেছে। এটি বাউফলের শিক্ষা অঙ্গনের জন্য আনন্দের সংবাদ।’
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বাউফল উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে সর্বাধিক ১৬টি জিপিএ-৫ অর্জন করে শীর্ষস্থান নিশ্চিত করেছে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়।