
সাগরকন্যা প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (৫ আগস্ট) দুপুরে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘদিনের অবদান রয়েছে। তার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ ছিল অন্যতম রাজনৈতিক দল। তার বয়সও হয়েছে। বাংলাদেশে যদি তিনি ফিরে না আসেন, তাহলে তার দলের অবস্থান কী দাঁড়াবে কিংবা তার এতদিনের রাজনৈতিক ইতিহাসেরই বা কী হবে। সবকিছু বিবেচনায় আমার সাধারণ বোধ বলে, তিনি নিশ্চয়ই ফিরে আসবেন।’
গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ‘আজকাল সবার হাতেই গণমাধ্যম আছে। যে যা শুনতে চায়, সে তা শুনতে পারে। এভাবে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটাকেই বা কীভাবে গণতন্ত্র বলা হবে?’
ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ঘটনাগুলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার ইঙ্গিত করে। দলগুলোর নিজ নিজ অঙ্গসংগঠনের ওপর নিয়ন্ত্রণ না থাকার বিষয়টিও এতে স্পষ্ট হয়। দিনশেষে আবারও আমরা পুরোনো রাজনীতির ধারায় ফিরে গেছি, সেটিও এ ঘটনা ইঙ্গিত করে।’
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।