
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে স্বরূপকাঠী পৌরসভার সামনে থেকে উপজেলা জামায়াতের আমির মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে র্যালিটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এর আগে সকাল থেকে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার জামায়াতের নেতাকর্মীরা পৌরসভার সামনে সমবেত হন। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য তুলে ধরেন।
পথসভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মো. আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুর রশিদ, সহকারী সেক্রেটারি মো. জহিরুল ইসলাম, অ্যাডভোকেট মো. ইয়াকুব আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সরকারের পতন ঘটে। দেশের জনগণ স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে। ভবিষ্যতে দেশে কোনো ধরনের স্বৈরাচার, ফ্যাসিবাদ বা কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশ নেন।