চুরির
সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর এলাকায় গভীর রাতে একটি বসতঘরে চুরির সময় গৃহবধূর সাহসিকতায় এক চোরের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে সহযোগীদের সহায়তায় ওই চোর পালিয়ে যেতে সক্ষম হয়। পালানোর সময় চোরের দল ঘরে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে যায়।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে ঘরে প্রবেশ করে। শব্দ পেয়ে ঘুম ভেঙে গেলে গৃহবধূ চোরদের উপস্থিতি টের পান। তিনি সাহসিকতার সঙ্গে এক চোরকে জাপটে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে চোরকে আটকে রাখতে তার হাতের আঙুল কামড়ে ধরলে আঙুলটি বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই চোরের সহযোগীরা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে চোরের দল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘরে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনাস্থলে বিচ্ছিন্ন আঙুলটি পড়ে ছিল বলে পরিবারের দাবি।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরিবারের সদস্যরা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও চুরির চেষ্টার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পুলিশের টহল বাড়ানোর দাবি জানান।
এ ঘটনায় রাজাপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তবে এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।