বরগুনায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, ৭ দাবিতে এক সপ্তাহের আল্টিমেটাম

হোম » বরগুনা » বরগুনায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, ৭ দাবিতে এক সপ্তাহের আল্টিমেটাম
সোমবার ● ৩ আগস্ট ২০২৬


 

বরগুনায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, ৭ দাবিতে এক সপ্তাহের আল্টিমেটাম

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

পায়রা ও তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হলেও উৎপাদন এলাকার মানুষই বিদ্যুৎ সংকটে ভুগছেন- এমন অভিযোগ তুলে বরগুনায় ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি।

 

সোমবার (৩ আগস্ট) দুপুরে বরগুনা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভকারীরা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো)-এর বরগুনা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করেন। পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনের পরিবেশগত ও সামাজিক ক্ষতির প্রভাব বহন করেও বরগুনাবাসী ন্যায্য বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা, হাসপাতালের সেবা, ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাদের দাবি, স্থানীয় চাহিদার তুলনায় বরগুনায় মাত্র ৩০ থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

 

বক্তারা বলেন, পটুয়াখালীর পায়রা ও বরগুনার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হলেও উৎপাদন এলাকার মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন না। এ বৈষম্যের অবসান ঘটিয়ে বরগুনায় প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।

 

আন্দোলনকারীদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে- বরগুনায় সার্বক্ষণিক ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, অযৌক্তিক ডিমান্ড চার্জ বাতিল, বিদ্যুতের ইউনিট মূল্য পুনর্বিবেচনা, নিয়মিত মিটার রিডিংয়ের ভিত্তিতে বিল প্রদান, অবৈধ সংযোগ বন্ধ, গ্রাহক হয়রানি ও দুর্ব্যবহার বন্ধ এবং বরগুনায় পল্লী বিদ্যুতের জোনাল অফিস চালু করা।

 

দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সচিব, জাতীয় সংসদের চিফ হুইপ এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্যের কাছেও স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে বলে জানান আয়োজকরা।

 

বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট এম. ডি. আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, ‘আজকের কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলনের সূচনা হলো। এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করব। এর মধ্যে বরগুনার বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

 

মুসফিক আরিফ বলেন, ‘এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। বরগুনার সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন।’

 

এ বিষয়ে ওজোপাডিকোর বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. আমিনুর রহমান বলেন, শহর এলাকায় ৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে বর্তমানে সাড়ে ৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। একইভাবে পল্লী বিদ্যুৎ এলাকায় ৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে সাড়ে ৩ থেকে ৪ মেগাওয়াট সরবরাহ মিলছে। ঘাটতির কারণেই লোডশেডিং দিতে হচ্ছে। তিনি বলেন, এটি জাতীয় পর্যায়ের বিদ্যুৎ সংকটের অংশ; পরিস্থিতির উন্নতি হলে বরগুনার বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:৪৩ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ