কয়রায় জমি দখলের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হোম » খুলনা » কয়রায় জমি দখলের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রবিবার ● ২ আগস্ট ২০২৬


 

কয়রায় জমি দখলের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ঘুঘরাকাটি গ্রামের মৃত আক্কাছ আলী সানার ছেলে মো. আহসান হবিব সানা।

 

রবিবার (২ আগস্ট) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৮ জুলাই কয়েকটি পত্রিকায় ‘কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টায় জিডি, ধারালো দা দিয়ে হত্যার হুমকিতে আতঙ্কে ভুক্তভোগী পরিবার’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

 

তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ মইনুল হক তরফদার কয়রা থানায় একটি মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের হয়রানি করছেন। বিষয়টি তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলেও দাবি করেন তিনি।

 

আহসান হবিব সানা বলেন, বাগালী মৌজার ৪৫ নম্বর খতিয়ানের এসএ রেকর্ড অনুযায়ী ২৭৩ নম্বর দাগের ৩৮ শতক জমির তারা হকদার এবং দীর্ঘদিন ধরে সেখানে ধান চাষ করে ভোগদখলে রয়েছেন। ওই জমি নিয়ে প্রতিপক্ষরা কয়রা উপজেলা নির্বাহী আদালতে মামলা করলে তদন্ত শেষে আদালত এসএ ২৭৬ নম্বর দাগের ১৯৭ নম্বর খতিয়ানের বর্তমান ৬৮১ নম্বর দাগে তাদের জমি রয়েছে বলে রায় দেন।

 

তিনি আরও বলেন, আদালতের রায় অনুযায়ী নির্ধারিত দাগ ও খতিয়ানে প্রতিপক্ষরা জমি দখল করলে তাদের কোনো আপত্তি নেই। তবে বিআরএস রেকর্ডের সূত্র ধরে তাদের জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আহসান হবিব সানা।

 

এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে জোরপূর্বক কেউ জমি দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:১১:০৬ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ