
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
সদ্য নিয়োগ পাওয়া বরিশালের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. মো. মনিরুজ্জামানকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত গত ৩০ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, সিভিল সার্জন (চলতি দায়িত্ব), বরিশালকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হলো। তাকে আগামী ৩ আগস্টের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে গত ২৪ জুলাই বরিশালের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডা. মনিরুজ্জামান। দায়িত্ব নেওয়ার পর তাকে নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। তারা তাকে ‘দুর্নীতিবাজ’ ও ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে সিভিল সার্জনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
বিক্ষোভকারীদের ঘোষণার পরিপ্রেক্ষিতে রবিবার (২ আগস্ট) সিভিল সার্জনের কার্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর মধ্যেই ডা. মনিরুজ্জামানের বদলির প্রজ্ঞাপন প্রকাশ পাওয়ায় আন্দোলনকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে ডা. মনিরুজ্জামানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।