
সাগরকন্যা প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা যুবদল নেতা ও সাবেক জেলা ছাত্রদলের সহসভাপতি মো. জিয়া উদ্দিন বাবুলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড কালেমা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ২৩ জুলাই দিনগত রাত আড়াইটার দিকে একদল সন্ত্রাসী জিয়া উদ্দিন বাবুলের ঘরে প্রবেশ করে। এ সময় তাদের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ঘরের আঙিনায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ১২ থেকে ১৫টি কোপ দিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ করা হয়।
পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গভীর রাতে ঘরে ঢুকে একজন রাজনৈতিক নেতার ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সভায় বক্তব্য দেন ভাণ্ডারিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদার, যুবদল নেতা নাজমুল হাসান আরিফ, আনিচুর রহমান অলি আকন, পৌর যুবদলের সভাপতি মো. মেহেদী হাসান মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাপ্পি, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক তালুকদার আহম্মেদ মারুফ, উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব মো. আল আমিন মুন্সী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন হিরন ও রিয়াজুল ইসলাম শাহীরাজসহ অনেকে।
কর্মসূচিতে যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
এসই/এমআর