চরফ্যাশনে খাল খননে সাশ্রয় হওয়া ১ কোটি টাকা ফেরত দিলেন ইউএনও

হোম » ভোলা » চরফ্যাশনে খাল খননে সাশ্রয় হওয়া ১ কোটি টাকা ফেরত দিলেন ইউএনও
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬


চরফ্যাশনে খাল খননে সাশ্রয় হওয়া ১ কোটি টাকা ফেরত দিলেন ইউএনও

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে খাল পুনঃখনন প্রকল্পে সাশ্রয় হওয়া ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৪৯ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ।

নির্ধারিত মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন হলেও প্রাক্কলিত ব্যয়ের চেয়ে কম খরচ হওয়ায় অব্যবহৃত অর্থ সরকারি বিধি অনুযায়ী ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় চরফ্যাশনের সুবল ডাক্তার বাড়ি থেকে সুন্দরী ব্রিজ পর্যন্ত প্রায় ৩ দশমিক ৭ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

প্রকল্প বাস্তবায়নে নির্ধারিত কারিগরি মান ও সরকারি নির্দেশনা অনুসরণ করা হয়। তবে খালের বিভিন্ন অংশে প্রস্থ ও খননের গভীরতা প্রাক্কলনের তুলনায় কম হওয়ায় বরাদ্দের পুরো অর্থ ব্যয় করতে হয়নি। এতে ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৪৯ টাকা সাশ্রয় হয়, যা সরকারি আর্থিক বিধিমালা অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ বলেন, দীর্ঘদিনের অবহেলায় খালটি ভরাট হয়ে কার্যত অকেজো হয়ে পড়েছিল। স্থানীয় মানুষের জলাবদ্ধতা নিরসন, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগে খালটি পুনঃখনন করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি অর্থের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহারের অংশ হিসেবে সাশ্রয় হওয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। সরকারি অর্থের অপচয় রোধ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন দায়িত্বশীলভাবে কাজ করছে।


এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৯:২৫ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ