বরিশালে জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা

হোম » বরিশাল » বরিশালে জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা
সোমবার ● ২০ জুলাই ২০২৬


বরিশালে জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা

 

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্নার মেয়ে নাদিমা মোহম্মদি খান (৩৯) বরিশাল নগরীতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

 

মামলার এজাহার অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) রাতে নগরীর সদর রোডে তাদের পৈত্রিক বাড়িতে অবস্থানকালে নাদিমা মোহম্মদি খান ও তার চাচাতো বোন শাফিনাজ জেরিন খানের কাছে অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নাদিমাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং লাঠি দিয়ে মারধর করা হয়। এ সময় তার গলায় থাকা প্রায় দেড় লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত নাদিমা পরে হাসপাতালে চিকিৎসা নেন।

 

মামলায় অভিযোগ করা হয়েছে, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নাদিমার চাচা নজরুল ইসলাম খানের উসকানিতে এ হামলা চালানো হয়। মামলায় নজরুল ইসলাম খান, রেজাউল ইসলাম সাব্বির, নাহিদুল ইসলাম রাজু, তাজনিয়া চাঁদনী এবং সাইফুল্লাহ খান লাবুকে আসামি করা হয়েছে।

 

নাদিমা মোহম্মদি খান অভিযোগ করেন, তাকে পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। তিনি আরও দাবি করেন, তার চাচা মাদকাসক্ত এবং অন্য কয়েকজন আসামির সঙ্গে মাদককারবারে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন-উল ইসলাম বলেন, হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি তাজনিয়া চাঁদনীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

উল্লেখ্য, জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না দেশের একজন জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী। তার দাদা খান বাহাদুর হাসেম আলী খান ব্রিটিশ আমলে শিক্ষামন্ত্রী ছিলেন এবং বাবা নুরুল ইসলাম খান পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:০৭:৩৯ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ