
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
গণভোট বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার ও সীমান্ত সুরক্ষার দাবিতে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের নেছারাবাদে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জনগণের অধিকার প্রতিষ্ঠা ও নতুন বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।
রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলা পরিষদের সামনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, নেছারাবাদের কৃতি সন্তানরা দেশের বিভিন্ন প্রান্তে এ জনপদের সুনাম ছড়িয়ে দিচ্ছেন। সেই আলোকিত জনপদের মানুষের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত।
তিনি বলেন, দেশে বর্তমানে নানামুখী সংকট বিরাজ করছে এবং নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে বেগমপাড়া গড়তে আসিনি। এস আলম কিংবা বসুন্ধরা গ্রুপের মতো দেশের অর্থ বিদেশে পাচার করার জন্যও আসিনি। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজনীতি করছি।
এনসিপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এনসিপিতে দলে দলে যোগ দিন। ছাত্রশক্তিতে যোগ দিন, নারীশক্তিতে যোগ দিন। আপনাদের সহযোগিতায় আমাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। ইনসাফের লড়াই অব্যাহত থাকবে।
তিনি নেছারাবাদের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিটি ওয়ার্ডে অন্তত ১০ জন করে কর্মী যুক্ত হলে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া সহজ হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, এ অঞ্চলে আলেম-ওলামা ও সনাতন ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। সব ধর্মের মানুষের সমান মর্যাদা নিশ্চিত করে একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের মানুষের মধ্যে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। জনগণকে সঙ্গে নিয়েই পরিবর্তনের পথে এগিয়ে যেতে চায় এনসিপি।
নেছারাবাদ উপজেলা এনসিপির আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন ডা. শামীম হামিদী, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জাহিদ হাসান, এনসিপির মনোনীত নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. বাকী বিল্লাহ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ স্থানীয় নেতারা।
পথসভায় গণভোট বাস্তবায়ন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে দলের অবস্থান তুলে ধরা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
আরএ/এমআর