
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও হাজারো ভক্তের অংশগ্রহণে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে স্বরূপকাঠী পৌরসভার শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাআশ্রমের আয়োজনে অনুষ্ঠিত এ রথযাত্রাকে ঘিরে পুরো পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রাটি শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাআশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে স্বরূপকাঠী পৌর এলাকা, উপজেলা চত্বর, জগন্নাথকাঠী, তেঁতুলতলা ও কালীবাড়ি মন্দির এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সেবাআশ্রমে এসে শেষ হয়। ধর্মীয় সঙ্গীত, হরিনাম সংকীর্তন ও ভক্তিমূলক পরিবেশে হাজারো ভক্ত রথের সঙ্গে পদযাত্রা করেন। পথের দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ রথযাত্রা উপভোগ করেন।
রথযাত্রা উপলক্ষে শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাআশ্রমে নয় দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত গীতাপাঠ, সন্ধ্যা আরতি, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তন এবং ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, আগামী ২৪ জুলাই একই পথে উল্টো রথযাত্রার মাধ্যমে শ্রীশ্রী জগন্নাথ, শুভদ্রা ও বলরামের নিজ মন্দিরে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে নয় দিনব্যাপী রথযাত্রা মহোৎসবের সমাপ্তি ঘটবে।
বর্ণাঢ্য শোভাযাত্রায় নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়, স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিসুর রহমান বাদল, শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাআশ্রমের সভাপতি খোকন লাল সাহা, সহ-সভাপতি বিধান সাহাসহ সেবাআশ্রমের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
রথযাত্রা উপলক্ষে নেছারাবাদ থানা পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখতে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করে। শোভাযাত্রা ও উৎসবস্থলে শৃঙ্খলা বজায় রাখতে সেবাআশ্রমের শতাধিক স্বেচ্ছাসেবকও দায়িত্ব পালন করেন।