সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, জমা দিল বিপুল অস্ত্র

হোম » খুলনা » সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, জমা দিল বিপুল অস্ত্র
মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬


 

সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, জমা দিল বিপুল অস্ত্র

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

সুন্দরবনের কুখ্যাত দস্যু দল ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সক্রিয় সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় তারা ২৭টি আগ্নেয়াস্ত্র, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেন। আত্মসমর্পণকারী দস্যুদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলেও তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এর আগে সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনসংলগ্ন চরপুটিয়া খাল এলাকায় কোস্ট গার্ডের একটি দলের কাছে তারা অস্ত্রসহ আত্মসমর্পণ করেন।

 

কোস্ট গার্ডের তথ্যমতে, আত্মসমর্পণকালে দস্যুরা ৩টি বিদেশি বন্দুক, ১টি এইট শুটার গান, ১টি ফোর শুটার গান, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান এবং ২টি চায়না পাইপগানসহ মোট ২৭টি আগ্নেয়াস্ত্র জমা দেয়। এছাড়া তারা ৩৪০ রাউন্ড তাজা ও ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজও হস্তান্তর করে।

 

আত্মসমর্পণকারীদের মধ্যে খুলনা জেলার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা রয়েছেন- বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ (৪৫), মুজাহিদ গাজী, বিল্লাল শেখ, জাহিদ হাসান, সুমন ঢালী, এরশাদ শিকারী, ওয়াহিদুজ্জামান, আইউব শেখ, রাফসান ঢালী, পারভেজ শেখ, কামরুল শেখ, জহুরুল গাজী, সিরাজুল তরফদার, আমিনুল ইসলাম, আসাদুল ইসলাম, বাবুল শেখ, শাজাহান শেখ ও হেলাল।

 

এছাড়া বাগেরহাট জেলার রামপাল, ফকিরহাট, কচুয়া, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার বাসিন্দা আকরাম শেখ, নুরুল ইজারদার, হাসান শেখ, কামরুল শেখ, জিয়া শেখ, কবির সুলতান, কাইয়ুম জমাদ্দার ও শরিফুল ইসলাম বয়াতি এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা মো. জয়নাল আবেদীনও আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন।

 

সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে এই বাহিনীটি সুন্দরবনের গহীনে জেলে, বাওয়ালি ও মৌয়ালদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আত্মসমর্পণকারী দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। তবে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

 

উল্লেখ্য, এর আগে গত ২১ জুন সাতজন এবং ৯ জুলাই তিনজন দস্যু অস্ত্রসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:২৭ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ