
সাগরকন্যা প্রতিবেদক, খুলনা
খুলনা মহানগরের হরিণটানা থানা এলাকার একটি বাড়ির আঙিনা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক মুরাদ মোল্লা ও তাঁর স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করা হয়েছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, পারিবারিক কলহের একপর্যায়ে আটক দম্পতি একে অপরকে একটি হত্যাকাণ্ডের জন্য দায়ী করলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে সোমবার সকালে স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে থানায় আসা ফাল্গুনী খাতুন একটি হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। দম্পতির দেখানো স্থান থেকে বাড়ির আঙিনা খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করা হয়।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রমজান মাসের কোনো এক সময় ওই ব্যক্তিকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় মরদেহটি কঙ্কালে পরিণত হয়েছে। পুলিশের ধারণা, এটি প্রায় তিন মাস আগে নিখোঁজ হওয়া মারুফ নামে এক ব্যক্তির হতে পারে। তবে ডিএনএ পরীক্ষা ও অন্যান্য প্রক্রিয়া শেষে পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।
নিহতের পরিচয়, হত্যার প্রকৃত কারণ এবং ঘটনায় আর কেউ জড়িত কি না, তা উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ