
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ উপভোগ শেষে বাড়ি ফেরার পথে আর্জেন্টিনা সমর্থক এক স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত মো. জিসান (দশম শ্রেণির শিক্ষার্থী) নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আরামকাঠী ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জিসানের অভিযোগ, শান্তিরহাট বাজারে সুমনের সেলুনের সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে বসে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখছিলেন। খেলার শুরুতে মিশর দুই গোল করলে পাশে থাকা কয়েকজন ব্রাজিল সমর্থক তাদের উদ্দেশে বিদ্রূপ করেন। পরে আর্জেন্টিনা সমতায় ফিরলে আর্জেন্টিনা সমর্থকরাও পাল্টা হাস্যরস করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
জিসান জানান, একপর্যায়ে তার সঙ্গে থাকা আর্জেন্টিনা সমর্থক মো. সাকিবকে ডেকে নিয়ে কয়েকজন ব্রাজিল সমর্থক ধাক্কাধাক্কি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি এগিয়ে গিয়ে সাকিবকে সরিয়ে আনেন। তবে খেলা শেষে বাড়ি ফেরার পথে রাজিব, রাব্বি, শাওনসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন। মারধরের একপর্যায়ে তাকে পাশের একটি খালে ফেলে দেওয়া হয়।
জিসানের মা সালমা বেগম বলেন, ‘আমার ছেলে খেলা দেখে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েকজন লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’
স্থানীয় বাসিন্দা মো. জাহিদ বলেন, খেলা চলাকালে মিশরের গোলকে কেন্দ্র করে কয়েকজন ব্রাজিল সমর্থক উল্লাস করলে আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি শান্ত হলেও খেলা শেষে বাড়ি ফেরার পথে আবারও হামলার ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘ঘটনার বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’