
সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় যুবলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও নাইউরীপাড়া ২ নম্বর ওয়ার্ডের আমিনুর রহমান রিয়াজ (৫০), ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জামাল হাওলাদার (৫৬) এবং একই ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য ও গোড়াআমখোলাপাড়া এলাকার মো. মজিবর হাওলাদার (৫২)।
পুলিশ জানিয়েছে, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের খাজুরা ১ নম্বর ওয়ার্ডে নজরুল ফকিরের বাড়ির সামনের কাঁচা বেড়িবাঁধ সড়কে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যানার ও মশাল নিয়ে মিছিল করেন।
এ ঘটনায় গত ২১ সেপ্টেম্বর মহিপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করা হয়। মামলার নম্বর ১৭। এতে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪৫ থেকে ৫০ জনকে আসামি করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম হাওলাদার জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তদন্তে সন্দিগ্ধ ওই তিন আসামিকে গ্রেপ্তার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।