
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে বিভিন্ন মহলে মতবিনিময় ও রাজনৈতিক হিসাব-নিকাশের মধ্যে দৈনিক ইনকিলাব পত্রিকার নাজিরপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদুল হকের নামও আলোচনায় রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ গড়ে উঠেছে। অসহায় মানুষের সহায়তা, সামাজিক বিরোধ নিষ্পত্তিতে সহযোগিতা এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের কারণে তিনি এলাকায় পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও চায়ের দোকানে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনায় জাহিদুল হকের নামও উঠে আসছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন ঘনিয়ে এলে প্রার্থীদের অবস্থান ও নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হবে।
চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সাংবাদিক জাহিদুল হক বলেন, ‘আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এলাকার উন্নয়ন এবং জনগণের সেবায় কাজ করে যেতে চাই। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে তাদের সিদ্ধান্তই হবে আমার সবচেয়ে বড় শক্তি।’