
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভিজিএফ কর্মসূচির আওতায় প্রকৃত জেলে পরিবারের সঠিক তালিকা প্রণয়ন এবং জেলেদের জাতীয় তথ্যভান্ডার হালনাগাদের লক্ষ্যে ভোলার চরফ্যাশনে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতীতের অনিয়ম দূর করে স্বচ্ছ, নিরপেক্ষ ও যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত জেলেদের তালিকাভুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (৭ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার মো. এমাদুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুর নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতান সালাউদ্দিন, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, সাবেক উপজেলা যুবদল সভাপতি আশরাফুর রহমান দীপু ফরাজীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও রুমানা আফরোজ বলেন, সরকার ভিজিএফের উপকারভোগী জেলে পরিবারের তালিকা হালনাগাদের জন্য ১৫ দিনের সময় নির্ধারণ করেছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যেই প্রকৃত জেলেদের অন্তর্ভুক্ত করে একটি নির্ভুল ও হালনাগাদ তালিকা প্রস্তুত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনায় অংশ নেওয়া মৎস্যজীবী প্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বলেন, অতীতে ভিজিএফের তালিকা প্রণয়নে দলীয় প্রভাব ও অনিয়মের অভিযোগ ছিল। এবার কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়া প্রকৃত জেলেদের তালিকাভুক্ত করতে হবে, যাতে একজনও প্রকৃত জেলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন।
বক্তারা জানান, চরফ্যাশনের ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বর্তমানে প্রায় ৪৪ হাজার জেলে কার্ড রয়েছে। তাদের অভিযোগ, বিগত সময়ে দলীয় বিবেচনায় প্রায় ২০ হাজার কার্ড বিতরণ করা হয়েছিল। ফলে অনেক প্রকৃত জেলে তালিকার বাইরে থেকে গেছেন।
সভায় পূর্বের তালিকা পর্যালোচনা করে অযোগ্য ও ভুয়া জেলেদের বাদ দেওয়া এবং যাচাই-বাছাই শেষে প্রকৃত জেলেদের নাম হালনাগাদকৃত তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।