
সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বামনার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সাহেববাড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নিকহাত আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাকিল আহমেদ। সফল সুফলভোগীদের পক্ষে বক্তব্য দেন পূর্ব সফিপুর গ্রামের তাসলিমা বেগম। আলোচক হিসেবে বক্তব্য দেন বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান ও বামনা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো. নাসির মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক (অব.) মোস্তফা আজমল শাহিনসহ পল্লী উন্নয়ন বোর্ডের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকাশ চন্দ্র মণ্ডল, ইনস্টিটিউট অব ওয়াটার রিসোর্সেস সেন্টারের (ডব্লিউআরসি) প্রতিনিধি।
সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা এবং পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন রূপকল্প বাস্তবায়ন এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পল্লী উন্নয়নের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে সফল সুফলভোগী সদস্যদের মধ্যে পূর্ব সফিপুরের তাসলিমা বেগমসহ তিনজন তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। পরে কিশোরী সংঘ, সঞ্চয়ী সদস্য, সমিতি ও দলের সদস্যদের মধ্যে চেক বিতরণ এবং উপস্থিত সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত ‘ক’ ও ‘খ’ গ্রুপের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী এবং সফল সুফলভোগী সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিআরডিবির আওতাধীন সমবায়ী সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এইচআর/এমআর