
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে র্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও সঞ্চয় প্রণোদনা বিতরণ এবং বৃক্ষের চারা বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ হাজী হুমায়ূন সিকদার।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম এবং কলাপাড়া পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) চেয়ারম্যান ফোরকান তালুকদার। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রান্তিক কৃষক-কৃষাণী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, টেকসই ও উন্নত বাংলাদেশ গড়তে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষিভিত্তিক উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল সংযোগ নিশ্চিত করা অপরিহার্য। এ লক্ষ্য বাস্তবায়নে গ্রামীণ উন্নয়নে সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে বিআরডিবির আওতাধীন সফল উপকারভোগী সদস্যদের মধ্যে ঋণের চেক এবং কিশোরী সদস্যদের মাঝে সঞ্চয় প্রণোদনার চেক বিতরণ করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সমবায়ী সফল উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
এমবি/এমআর