
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
মৌসুমী নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলে টানা তিন দিন ধরে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি এবং কোথাও কোথাও মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে বিক্ষুব্ধ হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। এ পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের অভ্যন্তরীণ উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পটুয়াখালী আবহাওয়া অফিসের তথ্যমতে, রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার (৬ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৬২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও অন্যান্য নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক কর্মসংস্থান ব্যাহত হয়েছে। এদিকে উপকূলের আকাশ এখনও ঘন মেঘে আচ্ছন্ন রয়েছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সাগরে বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।