সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু নতুন চর এলাকায় বৃষ্টিকে উপেক্ষা করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
রোববার (৫ জুলাই) বিকেলে ‘সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নদীভাঙন রোধে সরকার ইতোমধ্যে সাড়ে ৯০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। পাশাপাশি পরিবেশ রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, দেশকে আরও সুন্দর ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে হলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। গাছ কাটার প্রবণতার পাশাপাশি গাছ লাগানোর সংস্কৃতি গড়ে তুলতে না পারলে জলবায়ু পরিবর্তন, ঝড়, বন্যা ও নদীভাঙনের মতো দুর্যোগের ঝুঁকি আরও বাড়বে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর ৫ হাজার করে মোট ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি নিরাপদ বাংলাদেশ পাবে।
উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, গত চার মাসে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় রাস্তাঘাট, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ শুরু হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
মাদকবিরোধী অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, দেশে মাদকের বিস্তার উদ্বেগজনক। বাবুগঞ্জ দুর্গম এলাকা হওয়ায় বিভিন্ন দিক থেকে এখানে মাদক প্রবেশ করে। মাদকের বিরুদ্ধে সরকার ও তিনি ব্যক্তিগতভাবে জিরো টলারেন্স নীতিতে রয়েছেন। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, কেন্দ্রীয় যুবদলের আইনবিষয়ক সম্পাদক রবিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে রাজগুরু নতুন চর এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।