
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্যান্য যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন নলছিটি উপজেলার ভৈরবপাশা এলাকার বাসিন্দা। তিনি নাহিদ সুপার পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা নাহিদ সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এ সময় বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন সুপারভাইজার মনির হোসেন। পরে তার মৃত হয়।
দুর্ঘটনার পর বাসের অন্যান্য যাত্রীরা জানালার কাঁচ ভেঙে নিরাপদে বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে রোববার দুপুরের দিকে খাদ থেকে বাসটি উদ্ধার করা হয়।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপসহকারী পরিচালক শ্রীবাস বাড়ৈ দুর্ঘটনা ও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ‘বাসটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’