কুয়াকাটা সৈকত রক্ষার স্থায়ী প্রকল্প অনিশ্চিত, বাড়ছে ভাঙনের ঝুঁকি

হোম » কুয়াকাটা » কুয়াকাটা সৈকত রক্ষার স্থায়ী প্রকল্প অনিশ্চিত, বাড়ছে ভাঙনের ঝুঁকি
রবিবার ● ৫ জুলাই ২০২৬


 

কুয়াকাটা সৈকত রক্ষার স্থায়ী প্রকল্প অনিশ্চিত, বাড়ছে ভাঙনের ঝুঁকি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

বর্ষা মৌসুম শুরু হতেই উত্তাল সাগরের ঢেউয়ে আবারও ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে কুয়াকাটা সমুদ্রসৈকত। সৈকতের জিরো পয়েন্টসহ বিভিন্ন এলাকায় অব্যাহত ভাঙনে ক্ষুদ্র ব্যবসায়ী, পর্যটনসংশ্লিষ্ট উদ্যোক্তা ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

 

স্থানীয়দের দাবি, গত ২৫ বছরে প্রায় আড়াই কিলোমিটার সৈকত সাগরে বিলীন হয়েছে। এতে নারিকেল বাগান, পর্যটন স্পট, গাছপালা ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের সময় সৈকতে হাঁটাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৩ সালে প্রায় ৭৫৯ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ১৮ কিলোমিটার সৈকতের মধ্যে ঝুঁকিপূর্ণ ১২ কিলোমিটার এলাকায় স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। তবে প্রকল্পটি এখনো বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি। বর্তমানে সীমিত পরিসরে জিওব্যাগ ও জিওটিউব স্থাপন করে জরুরি সুরক্ষা দেওয়া হলেও এর অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

স্থানীয় ব্যবসায়ী, পর্যটনসংশ্লিষ্ট উদ্যোক্তা এবং হোটেল-মোটেল মালিক সমিতির নেতারা দ্রুত স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণে আরও বিলম্ব হলে কুয়াকাটা সমুদ্রসৈকতের বৃহৎ অংশ সাগরে বিলীন হওয়ার ঝুঁকি রয়েছে।

 

সৈকত রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে টেকসইভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৩:০২:১৩ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ