ভিডিও কনফারেন্সে বরগুনায় নজরুল বর্ষের উদ্বোধন

হোম » বরগুনা » ভিডিও কনফারেন্সে বরগুনায় নজরুল বর্ষের উদ্বোধন
বুধবার ● ১ জুলাই ২০২৬


ভিডিও কনফারেন্সে বরগুনায় নজরুল বর্ষের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে আয়োজিত ভিডিও কনফারেন্সে অংশ নেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত এবং মানবতাবাদী দর্শনের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বক্তারা আরও বলেন, কবি নজরুলের আদর্শ জাতীয় জীবনে আরও ব্যাপকভাবে ধারণ ও চর্চার পাশাপাশি তাঁর সাহিত্যকর্ম, সংগীত ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক পরিসরে নানা উদ্যোগ গ্রহণ করা হবে।

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক, সাহিত্যিক ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে জাতীয় কবির জীবন ও কর্মকে নতুনভাবে তুলে ধরা হবে বলে সংশ্লিষ্টরা জানান।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ০:২৭:১২ ● ৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ