কলাপাড়ায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন
মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬


 

কলাপাড়ায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে উপকূলীয় অঞ্চল রক্ষা, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি তহবিলের কার্যকর বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর এলাকার সোনাতলা ব্রিজের ওপর বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-এর ‘নিরাপদ জীবন-জীবিকা’ প্রকল্পের আওতায় যুব স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

আন্তর্জাতিক দাতা সংস্থা কার্ক ইন অ্যাক্টি (কিয়া) দ্য নেদারল্যান্ডসের সহায়তায় আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ক্লাইমেট জাস্টিস নাউ’, ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কার্যকর করতে হবে এখনই’, ‘আমাদের বাঁচান, উপকূল বাঁচান’ এবং ‘জলবায়ু পরিবর্তনের বোঝা নয়, ন্যায্য অধিকার চাই’সহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।

 

মানববন্ধনে প্রকল্প ব্যবস্থাপক বাসুদেব গুহ, অর্গানাইজার এলবাট শোভন বিশ্বাস, সাথী রায়, ফিল্ড ফ্যাসিলিটেটর মাসুম বিল্লাহ, রাবেয়া আক্তার, যুব স্বেচ্ছাসেবক দলের সদস্য সামিউল ইসলাম, মো. শাহিন, মেশকাত, ইতি বিশ্বাস, মারিয়া ও তামান্নাসহ অন্যরা বক্তব্য দেন।

 

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠী ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার মতো দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হলেও এ সংকট সৃষ্টিতে তাদের কোনো ভূমিকা নেই। উন্নত ও শিল্পোন্নত দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণ বৈশ্বিক জলবায়ু সংকটের অন্যতম প্রধান কারণ। তাই ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।

 

তারা আরও বলেন, নিরাপদ জীবন ও জীবিকার অধিকার নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর জন্য পৃথক জলবায়ু তহবিল গঠন, ন্যায্য ক্ষতিপূরণ প্রদান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ জরুরি। একই সঙ্গে তরুণদের জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ-সহনশীল সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ২২:৪১:১৮ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ