
সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতালের ভবনের কাঠামোগত নিরাপত্তা, অনুমোদিত নকশা অনুসরণ এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে সরেজমিন পরিদর্শন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রোববার রাজউকের জোন-৭-এর নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ পরিদর্শন পরিচালিত হয়।
পরিদর্শন দলের নেতৃত্ব দেন রাজউকের পরিচালক (জোন-৭) ও উপসচিব মো. মাইনুল আবেদীন। এ সময় অথরাইজড অফিসার ৭/১ প্রকৌশলী মো. ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক এবং সংশ্লিষ্ট ইমারত পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে হাসপাতাল ভবনটি রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী নির্মিত হয়েছে কি না, তা নিবিড়ভাবে যাচাই করা হয়। একই সঙ্গে অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের প্রস্তুতি মূল্যায়নের লক্ষ্যে ফায়ার সেফটি ব্যবস্থা, ইমারজেন্সি এক্সিট, ফায়ার অ্যালার্ম, ফায়ার হাইড্রেন্ট, পার্কিং সুবিধার যথাযথ ব্যবহার এবং অন্যান্য নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয় সরেজমিনে পর্যালোচনা করা হয়।
রাজউক সূত্রে জানা গেছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, ভবন নির্মাণ বিধিমালার যথাযথ বাস্তবায়ন এবং হাসপাতালসহ গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ বজায় রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
সংস্থাটি জানায়, জোন-৭-এর আওতাধীন অন্যান্য হাসপাতাল, ক্লিনিক ও জনসেবামূলক প্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে একই ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে। কোথাও অনুমোদিত নকশার ব্যত্যয়, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি বা বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজউকের এ উদ্যোগ রাজধানীর হাসপাতাল ও জনসমাগমপূর্ণ ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নগরবাসীর জন্য আরও নিরাপদ ও মানসম্মত সেবা পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।