মহিপুরে তিন খালের বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছের বাগান

হোম » কৃষি » মহিপুরে তিন খালের বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছের বাগান
রবিবার ● ২৮ জুন ২০২৬


 

মহিপুরে তিন খালের বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছের বাগান

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুর থানার ডালবুগঞ্জে অবৈধভাবে নির্মিত তিনটি খালের বাঁধ অপসারণ করেছে কলাপাড়া উপজেলা প্রশাসন। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসায় রক্ষা পেয়েছে ডালবুগঞ্জ ইউনিয়নের রমজানপুর এলাকার গোলগাছের বাগানসমূহ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, খালে অবৈধ বাঁধ নির্মাণের কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। ফলে খালের তীরবর্তী গোলগাছের গোড়ায় পচন ধরার আশঙ্কা দেখা দেয় এবং স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ছিল।

 

শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রমজানপুর এলাকায় একে একে তিনটি বাঁধ অপসারণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক নিজ হাতে কোদাল চালিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনটি বাঁধই কেটে অপসারণ করা হয়।

 

মো. ইয়াসীন সাদেক বলেন, জনভোগান্তিমূলক এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সবসময় সোচ্চার রয়েছে।

 

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘খালের পানিপ্রবাহ স্বাভাবিক থাকলে গোলগাছসহ বিভিন্ন জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য সংরক্ষিত হবে। পাশাপাশি কৃষিজমির পানি নিষ্কাশনও সহজ হবে।’

 

খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:১০:২৫ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ