নাজিরপুর-বৈঠাঘাটা সড়ক সংস্কারে দ্রুত বরাদ্দের আশ্বাস এমপি মাসুদ সাঈদীর

হোম » পিরোজপুর » নাজিরপুর-বৈঠাঘাটা সড়ক সংস্কারে দ্রুত বরাদ্দের আশ্বাস এমপি মাসুদ সাঈদীর
শনিবার ● ২৭ জুন ২০২৬


 

নাজিরপুর-বৈঠাঘাটা সড়ক সংস্কারে দ্রুত বরাদ্দের আশ্বাস এমপি মাসুদ সাঈদীর

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, নাজিরপুর-বৈঠাঘাটা সড়কের দুরাবস্থার বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন এবং দ্রুত সংস্কারের জন্য বরাদ্দ চেয়েছেন।

 

শুক্রবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাদারবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মাসুদ সাঈদী বলেন, ‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে। নাজিরপুর টু বৈঠাঘাটা রাস্তা নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, বরাদ্দ চেয়েছি। এই অঞ্চলের মানুষের যে কষ্ট, তা আমি প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সঙ্গে তুলে ধরেছি এবং রাস্তাটি দ্রুত সংস্কারের অনুরোধ করেছি।’

 

তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন, রাস্তাটি নিয়ে মামলা চলমান। এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে বরাদ্দ দেওয়া যাবে না বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। আমি বলেছি, মামলা নিষ্পত্তি ও দুদকের চার্জশিটের জন্য অপেক্ষা করতে গিয়ে জনগণকে দীর্ঘদিন কষ্টে রাখা যায় না।’

 

সংসদ সদস্য আরও বলেন, ‘আমি আশা করছি দ্রুত অর্থ বরাদ্দ দেওয়া হবে। ইতোমধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই প্রতিমন্ত্রীকে পিরোজপুরে নিয়ে আসব এবং তার মাধ্যমে বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা করব।’

 

সরকারি বরাদ্দ বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমরা যারা বিরোধী মতের, তারা মূল বণ্টন থেকে বঞ্চিত হচ্ছি। চারটি বরাদ্দের মধ্যে মাত্র দুটি বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে আট থেকে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে, অথচ মূল বরাদ্দ ছিল প্রায় এক কোটি টাকা। বাকি বরাদ্দ থেকেও একটি আমাদের দেওয়া হয়নি।’

 

তিনি আরও বলেন, ‘ইনসাফভিত্তিক ও সুষম রাষ্ট্র গঠনের জন্য আমাদের সন্তানরা জীবন দিয়েছে। কিন্তু একই ধারাবাহিকতায় যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে সেই আত্মত্যাগের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয়। আমরা আশা করি সরকার অতীত থেকে শিক্ষা নেবে এবং দেশের দরিদ্র ও অবহেলিত এলাকাগুলোকে প্রয়োজন অনুযায়ী বরাদ্দ দেবে। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে ন্যায্য হিস্যা প্রত্যাশা করি।’

 

সভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক, নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতারা।

বাংলাদেশ সময়: ১২:১৯:৪১ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ