বাতিল আকীদার অপতৎপরতা রুখতে সতর্ক থাকার আহ্বান ছারছীনার পীরের

হোম » পিরোজপুর » বাতিল আকীদার অপতৎপরতা রুখতে সতর্ক থাকার আহ্বান ছারছীনার পীরের
বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬


 

বাতিল আকীদার অপতৎপরতা রুখতে সতর্ক থাকার আহ্বান ছারছীনার পীরের

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, দেশে বর্তমানে আকীদাগত বিভ্রান্তি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বিভিন্ন বাতিল আকীদা অনুসারী গোষ্ঠী নানা নামে ও দলে বিভক্ত হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

 

বৃহস্পতিবার (২৫ জুন) ছারছীনা দরবার শরীফে মরহুম পীর ছাহেব বাহরে শরীয়ত হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর দ্বিতীয় ইন্তেকালবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বিশেষ তা’লীমী জলসা ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী আলোচনায় তিনি এসব কথা বলেন।

 

পীর ছাহেব বলেন, বাতিল আকীদা পন্থীদের একটি অংশ আম্বিয়ায়ে কেরামকে মা’ছুম বা নিষ্পাপ হিসেবে মানতে চায় না। তারা বিভিন্ন লেখনী ও বক্তব্যে নবীদের শানে অসম্মানজনক মন্তব্য করে আসছে। একইভাবে সাহাবায়ে কেরাম সম্পর্কেও অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করছে। তাদের বিভিন্ন প্রকাশনায় সাহাবিদের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

 

তিনি আরও বলেন, আমাদের পূর্বসূরিরা এসব বাতিল আকীদার ব্যাপারে সবসময় সতর্ক ছিলেন এবং তাদের ভ্রান্তি সম্পর্কে স্পষ্ট বক্তব্য রেখে গেছেন। এসব গোষ্ঠীর অনেকে তরীকা-তাসাওউফ, পীর-মুরিদি, ওলীদের কারামত এবং মাযহাব অনুসরণের বিরোধিতা করে থাকে।

 

অনুসারীদের উদ্দেশে পীর ছাহেব বলেন, বর্তমান সময়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। সন্তানদেরকে ভ্রান্ত মতাদর্শের প্রভাব থেকে রক্ষা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে গড়ে তুলতে হবে। যুবকদের যুব হিযবুল্লাহ এবং শিক্ষার্থীদের ছাত্র হিযবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করতে হবে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ হযরত মাওলানা হাফেজ শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর আলহাজ মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাম্মদ শরাফত আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রূহুল আমিন আফসারী এবং ছারছীনা দারুসসুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুদীর মাওলানা মাহমুদুম মুনীর হামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:৪৬:২৩ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ