উত্যক্তের প্রতিবাদ করায় গৌরনদীতে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ

হোম » বরিশাল » উত্যক্তের প্রতিবাদ করায় গৌরনদীতে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ
বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬


 

এটি প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে উত্যক্তের প্রতিবাদ করায় এক মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে পাঁচ যুবকের বিরুদ্ধে গৌরনদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মো. জনি সেরনিয়াবাত ও মো. সাব্বির হোসেন এবং গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের মো. সাকিল, রাহাত ও রমজানকে।

 

ভুক্তভোগী ছাত্রীর মা অভিযোগে বলেন, তার মেয়ে উপজেলার মধ্য জঙ্গলপট্টি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। মাদ্রাসায় যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাকে উত্যক্ত করে আসছিল এবং আপত্তিকর প্রস্তাব দিত। বুধবার দুপুরে মাদ্রাসা থেকে চার সহপাঠীর সঙ্গে বাড়ি ফেরার পথে জঙ্গলপট্টি গ্রাম সমিতি এলাকায় পৌঁছালে অভিযুক্তরা আবারও তাকে উত্যক্ত ও আপত্তিকর প্রস্তাব দেয়। এ সময় ছাত্রীটি প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে।

 

তিনি আরও বলেন, খবর পেয়ে পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

 

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

 

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:৪১:৫৪ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ