নেছারাবাদে কৃষকদের মাঝে সার, বীজ ও গাছের চারা বিতরণ

হোম » পিরোজপুর » নেছারাবাদে কৃষকদের মাঝে সার, বীজ ও গাছের চারা বিতরণ
বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬


নেছারাবাদে কৃষকদের মাঝে সার, বীজ ও গাছের চারা বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী এবং নেছারাবাদ উপজেলা কৃষক দলের সভাপতি মো. সোহাগ হাওলাদার। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেছারাবাদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির আওতায় উপজেলার এক হাজার ৪৫৬ জন কৃষকের মাঝে নারিকেল, লেবুসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা, শাক-সবজির বীজ, জৈব সার (গোবর) এবং বাঁশের খুঁটি বিতরণ করা হয়। প্রতিটি উপকারভোগী কৃষককে পাঁচটি করে চারা, প্রয়োজনীয় জৈব সার ও বাঁশের খুঁটি দেওয়া হয়।

এছাড়া উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাঁচ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও পরিবেশবান্ধব করতে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও কৃষি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেছারাবাদ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। অতিথিরা বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন এবং সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের মাঝে চারা, বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫৩:২০ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ