
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অটোভ্যান চালক রাফি খান (১৯) অপহরণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে বুধবার (২৪ জুন) তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- জাহিদ প্যাদা (২১), কোয়েল গাজী (২০) ও ইমরান গাজী (২২)।
মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করা এবং অপহরণের প্রকৃত ঘটনা উদঘাটনে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মামলার সূত্রে জানা যায়, গত ১৪ জুন রাতে চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের কোয়েল গাজীর বাড়ি থেকে অপহৃত অটোভ্যান চালক রাফি খানকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
অভিযোগে বলা হয়েছে, ওইদিন সকালে গ্রেপ্তার আসামিরা কুয়াকাটাগামী সড়কের হাজিপুর এলাকা থেকে রাফিকে অটোবাইকে করে যাওয়ার কথা বলে কৌশলে অপহরণ করে। পরে তাকে কলাপাড়ার নিশানবাড়িয়া গ্রামে নিয়ে আটকে রাখা হয়। সেখানে রাফির ওপর নির্যাতন চালানো হয় এবং তার বাবার কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
একপর্যায়ে ছেলে উদ্ধারের আশায় ধারদেনা করে ৫০ হাজার টাকা সংগ্রহ করেন রাফির বাবা হাসান খান। আসামিদের নির্দেশনা অনুযায়ী তিনি কলাপাড়া শহরের বাসস্ট্যান্ড এলাকায় ইমাদ বাস কাউন্টারের পেছনে টাকা নিয়ে যান। তবে দাবি অনুযায়ী পাঁচ লাখ টাকা না পাওয়ায় আসামিরা তাকে মারধর করে বলে অভিযোগ রয়েছে।
এ সময় হাসান খানের সঙ্গে থাকা স্বজনরা বিষয়টি পুলিশকে জানালে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।