
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার বামনা উপজেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার আসমাতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)-এর সহযোগিতায় এ মহড়ার আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ‘গার্লস গেট ইকুয়াল ২.০’ প্রকল্পের আওতায় অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং দুর্যোগ-পূর্ব প্রস্তুতির গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ সরকারের সার্বিক তত্ত্বাবধানে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় আরডিএফ বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলার ১১টি ইউনিটে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে দুর্যোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদারে এ মহড়ার আয়োজন করা হয়।
মহড়ায় শিল্পী ও কলাকুশলীদের প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি)।
আসমাতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভুনাথ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা। তিনি মহড়ার উদ্বোধন ঘোষণা করেন এবং বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বামনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার, বিদ্যালয়ের অভিভাবক সদস্য শহিদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল কুরাইশী বাবু।
সভাপতির বক্তব্যে শম্ভুনাথ ভৌমিক বলেন, উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতির কোনো বিকল্প নেই। এ ধরনের মহড়া মানুষের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বরগুনায় দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
এমএইচকে/এমআর