
সাগরকন্যা প্রতিবেদক, তজুমদ্দিন (ভোলা)
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান মিয়ার বিরুদ্ধে বেআইনিভাবে একাধিক ওয়ারিশ সনদ ও প্রত্যয়নপত্র প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দাবি করে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাওলানা কান্দি গ্রামের বাসিন্দা মো. শাহিনসহ অন্যান্য ওয়ারিশ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি তারা সংবাদ সম্মেলনও করেছেন।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় তজুমদ্দিন প্রেসক্লাবে ভুক্তভোগী আট ওয়ারিশ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মৃত মো. ছাদেকের প্রকৃত ওয়ারিশদের নামে পূর্বে ইস্যুকৃত ওয়ারিশ সনদ বহাল থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে পিতার নাম, ঠিকানা ও ওয়ারিশ পরিচয় পরিবর্তন করে নতুন নতুন সনদ ও প্রত্যয়নপত্র প্রদান করা হয়েছে। এসব সনদ ব্যবহার করে বহিরাগত ব্যক্তিদের সম্পত্তির দাবিদার হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারীদের দাবি, জাল ওয়ারিশ সনদ ও প্রত্যয়নপত্রের মাধ্যমে জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি করা হয়েছে এবং আদালতে মামলাও দায়ের করা হয়েছে। ফলে প্রকৃত ওয়ারিশরা দীর্ঘদিন ধরে হয়রানি, আর্থিক ক্ষতি ও আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন।
এ ঘটনায় জেলা প্রশাসক ও তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিতর্কিত সনদগুলো যাচাইয়ের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
তবে অভিযোগ অস্বীকার করে ইকবাল হোসেন শাকিল বলেন, ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্র, পাওয়ার অব অ্যাটর্নি ও দলিলপত্র-সবই বৈধভাবে সংগ্রহ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া বলেন, ওয়ারিশ সনদ ও প্রত্যয়নপত্র সংশোধনের কারণে একাধিক কপি ইস্যু হওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে। বিষয়টির সমাধানের চেষ্টা করছি।
আরএস/এমআর