বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় দুমকির যুবক নিহত, আহত ১

হোম » লিড নিউজ » বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় দুমকির যুবক নিহত, আহত ১
শুক্রবার ● ১৯ জুন ২০২৬


 

বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় দুমকির যুবক নিহত, আহত ১

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

বরিশাল নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী গ্রামের সৌদি প্রবাসী মেহেদী হাসান শুভ (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মো. আরিফ (২৫) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বান্দ রোড এলাকার কেডিসি গলির মুখে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, এক বন্ধুকে বরিশাল লঞ্চঘাটে পৌঁছে দিয়ে ফেরার পথে শুভর চালানো মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী সড়ক বিভাজকের লোহার পাইপে আঘাতপ্রাপ্ত হন।

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান শুভকে মৃত ঘোষণা করেন। আহত আরিফকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৩২ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ