
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে অলাভজনক সংগঠন ‘ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স কনসোর্টিয়াম’।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা সাইক্লোন শেল্টারে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সিসিআরসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পর্যায়ে দুই শতাধিক নারী-পুরুষ জলবায়ু সহনশীল গোষ্ঠী গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
সভায় জলবায়ু সহনশীল গোষ্ঠী গঠন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই জীবিকায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন ও বাজেট উপস্থাপন করা হয়।
সংগঠনের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা সমাজসেবা অফিসার মো. মহসিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবির ম্যানেজার (মনিটরিং) তুষার কান্তি শাহা, উপজেলা সমন্বয়কারী সুজন চন্দ্র বিশ্বাস, সাবেক ইউপি সদস্য আবদুছ ছত্তার, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সুমন মোল্লা ও নজরুল ইসলাম ফারুকসহ স্থানীয় সমাজকর্মী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে মো. মহসিন হোসেন বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার প্রভাব দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণকে সংগঠিত করে জলবায়ু সহনশীল গোষ্ঠী গঠন অত্যন্ত জরুরি। এ ধরনের গোষ্ঠী দুর্যোগের সময় সচেতনতা বৃদ্ধি, দ্রুত সাড়া প্রদান এবং ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে আগামী বছরের কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়। এতে জলবায়ু অভিযোজন কার্যক্রম সম্প্রসারণ, বৃক্ষরোপণ, নিরাপদ পানি নিশ্চিতকরণ এবং নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে জলবায়ু সহনশীল ও টেকসই সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করা হয়।