
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় বাক ও শারীরিক প্রতিবন্ধী জসিম জমাদ্দার (৪৫) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গলাচিপা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকারফার্মা গ্রামের বন বিভাগের গাছবন এলাকায়।
অভিযোগ অনুযায়ী, একই গ্রামের মাহাবুব উদ্দিন (২৭) ও জাফর (৪৫) এবং তাদের সহযোগীরা জসিম জমাদ্দারের ওপর হামলা চালায়।
আহতের স্ত্রী রেশমা বেগম বলেন, আমার স্বামী বাকপ্রতিবন্ধী। তাকে মারধর করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
আহতের বড় ভাই বশির জমাদ্দার জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে জসিম জমাদ্দার ঝাঁরা বেড়ে মাছ ধরতে গাছবনে গেলে পূর্ববিরোধের জেরে ওই দুই ব্যক্তি ও তাদের সহযোগীরা তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহতের মেয়ে শিল্পী বেগম বলেন, আমার বাবাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
আহতের বাবা আব্দুর রব জমাদ্দার বলেন, মাছ ধরা নিয়ে আমার প্রতিবন্ধী ছেলেকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। স্থানীয়রা দেখে ফেলায় হামলাকারীরা পালিয়ে যায়। আমি বিচার চাই।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেজবাহউদ্দিন বলেন, জসিম জমাদ্দার বর্তমানে চিকিৎসাধীন। তার শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে এবং একটি পা ভেঙে গেছে।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পাখিয়া বন বিভাগের বিট কর্মকর্তা জানান, ওই এলাকায় কোনো খাল-বিট নেই; যেখানে ইচ্ছা সেখান থেকেই মানুষ মাছ শিকার করে থাকে।
গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের সদস্য তাহির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু বলেন, বিষয়টি জেনেছি। দুই পক্ষকে ডেকে ইউনিয়ন পরিষদে সমঝোতার চেষ্টা করা হবে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জিলন শিকদার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।