মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল

হোম » বরিশাল বিভাগ » মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬


মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, ভিডিও ভাইরালসাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে এক যুবককে ধাওয়া করে কুপিয়ে জখম করার একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গীলাতলী আশ্রয়ন প্রকল্প এলাকায় ঘটেছে বলে জানা গেছে।

 

আহত অমনি ওরফে রমেশ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে অভিযোগ করে বলেন, স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হোসেনের মাদক কারবারে তিনি বিভিন্ন সময় বাধা দিয়ে আসছিলেন। ঘটনার আগের দিন ১২ জুন দিবাগত রাতে জাকির তাকে বিভিন্নভাবে ‘ম্যানেজ’ করার চেষ্টা করেন। ব্যর্থ হওয়ার পর পরদিন ১৩ জুন সকাল ৯ টার দিকে গীলাতলী আশ্রয়ন প্রকল্পের সামনে বসে থাকা অবস্থায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে জাকির তাকে (রমেশ) কুপিয়ে হত্যার চেষ্টা চালায় বলে তিনি অভিযোগ করেন। স্থানীয়রা এগিয়ে আসার আগেই তাকে কুপিয়ে জখম করে অভিযুক্ত জাকির হোসেন বলে দাবি করেন আহত রমেশ।

 

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

আহতের বড় ভাই অপূর্ব বাড়ৈ জানান, হামলার ঘটনায় তিনি বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি অভিযুক্ত জাকিরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-উল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৫৩ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ